কিশোরগঞ্জ প্রতিনিধি
জেলা শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাগর মিয়া (১২) খুন হয়েছে। সে কিশোরগঞ্জ পৌর এলাকার হারুয়া সওদাগর পাড়ার বকুল মিয়ার পুত্র। গত মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ পাট গবেষণা ইনস্টিটিউটের সামনে নরসুন্দা নদীর পাড় সংলগ্ন সড়কে ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিবদমান দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার দুপুরে হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক পুলিশের গুলিবর্ষণের সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলে ওসি জানান।