নাগেশ্বরীতে মাধাইখাল কালীর মেলা শেষ শনিবার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ঐতিহ্যের একশ সাতাশি বছর পার করলো মাধাইখাল কালীর মেলা। গত শনিবার মেলাা শুরু হয়। সপ্তাহ ঘুরে ২০ এপ্রিল শনিবার তা শেষ হবে। বাংলা ১২৩৯ সালে তত্কালীন শ্রীকুমার বাজারের পাশে মাধাইখাল বিলের ধারে জঞ্জলাকীর্ণ স্থানে ধর্মপ্রাণ পুশনাত কবিরাজ কালীপূজা শুরু করেন। পরবর্তীতে একে ঘিরে বাজারের নাম পরিবর্তন করে কালীগঞ্জ রাখা হয়। সে সময় নুন খাওয়ায় ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে পুনর্ব্বসুনক্ষত্র যুক্ত বৃষ লগ্নে অষ্টমী তিথিতে ব্রহ্মপদ ফল লাভ ও সর্বপাপ ক্ষয়ে পুণ্যস্নানে অংশ নেয়া পুণ্যার্থীরা সেখান থেকে ফিরে এ কালীপূজায় ভক্তিভরে পুষ্পার্ঘ্য ও অঞ্জলি নিবেদন করতো। ক্রমে তা বিস্তার লাভ করে। দীর্ঘদিন এভাবে চলার পর ইংরেজি ১৯১৩ সালে স্থানীয় বাসিন্দা নন্দ কুমার শীল সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। ১৯৩০ সালে রশরাজ সরকার এর সংস্কার করেন।