ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
মেহেরপুর:মেহেরপুরে স্ত্রীকে বিদ্যালয়ে পৌঁছে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী আফতাব উদ্দিন নিহত হন। বুধবার সকাল ৯টার দিকে মেহেরপুর উপজেলা পরিষদ গেট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফতাব উদ্দিন মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মৃত আজিজুল হকের ছেলে, দারিয়াপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের ভাই। স্ত্রী হালিমা খাতুন আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
তিনি সদর উপজেলার চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আফতাব উদ্দিন স্ত্রীকে নিয়ে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। মেহেরপুর সদর উপজেলা পরিষদ গেটের কাছে পৌঁছালে একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান। এসময় একই দিক থেকে যাওয়া একটি ট্রাকের চাপায় মারা যান।
সাতক্ষীরা:সাতক্ষীরার কালিগঞ্জে ইঞ্জিনচালিত ভ্যান উল্টে চালক নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার কুশলিয়া মৌতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর গ্রামের আব্দুল হকের ছেলে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ):বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়ার বোয়ালিয়া বাজার এলাকায় মঙ্গলবার রাতে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হন। নিহত পথচারী ইঞ্জিন ফকির বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
রংপুর: রংপুরের পীরগাছা উপজেলায় ট্রাক্টরের চাপায় হাসানুর রহমান হাসান (১১) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের নারীর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান ওই ইউনিয়নের উত্তর তাম্বুলপুরের রুহুল আমিনের ছেলে। ঘটনার পর পরই চালক ট্রাক্টর নিয়ে দ্রুত পালিয়ে যায়।
টেকেরহাট (মাদারীপুর): রাজৈরে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত এবং আরোহী আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বৌলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান শেখের বাড়ি ভাঙ্গা উপজেলার চান্দ্রা গ্রামে। আহত মোটরসাইকেল আরোহী হায়দার আলীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।