ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ায় পর পর ছয়টি চুরির ঘটনায় চোর আতঙ্কে এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছে। গত আট এপ্রিল পৌর শহরের লক্ষ্মীপুরা গ্রামের আব্দুস ছালাম মুন্সীর বাড়িতে, ১০ এপ্রিল উপজেলা বিএনপির সিনিয়র নেতা মো. বাচ্চু সিকদারের ভাড়াটিয়া ভাণ্ডারিয়া সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক মো. আলি হোসেন, ১৫ এপ্রিল একই রাতে লক্ষ্মীপুরা গ্রামের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বেপারী এবং উপজেলার শিয়ালকাঠি গ্রামের কৃষক ওহাব হাওলাদার, উত্তর শিয়ালকাঠি গ্রামের বালু ব্যবসায়ী কবির হাওলাদারের মালামাল চুরি হয়। সংঘবদ্ধ চোরেরা পৃথক পৃথকভাবে খাল থেকে ট্রলার, গোয়াল থেকে গরু এবং গৃহের দরজার হ্যাজবল ভেঙে ভেতরে প্রবেশ করে ল্যাপটপ, মোটরসাইকেল, টেলিভিশন, স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।
ভাণ্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, চুরির ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ না করায় কোনো আইনগত ব্যবস্থা নিতে পারছি না। কিন্তু এসকল চুরির ঘটনা ঠেকাতে থানা পুলিশের পক্ষ থেকে টহল বাড়ানো হয়েছে।