ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থান থেকে গৃহবধূসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে বুধবার সকালে মনিরা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন মজুমদার।
পলাশবাড়ী (গাইবান্ধা) : পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের মুংলিশপুর গ্রাম থেকে মঙ্গলবার গলাকাটা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মনিরুল ইসলাম একই ইউনিয়নের জাফর গ্রামের রড শ্রমিক আশাদুলের ছেলে। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ হিপজুল আলম মুন্সি জানান, এ ব্যাপারে পলাশবাড়ী থানায় হত্যা মামলা হয়েছে। লাশ গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে।
ভাঙ্গুড়া (পাবনা): ভাঙ্গুড়ায় বুধবার মাহফুজা খাতুন নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের মৃত আবুল দপ্তরির ছেলে কিরন আলীর স্ত্রী। ভোরে বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে মাহফুজাকে ঝুলতে দেখে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠায়।
ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।