নতুন সমীক্ষায় আবারো অস্বস্তিতে মোদি সরকার
৪৫ বছরের মধ্যে ভারতে কর্মসংস্থানের হাল সবচেয়ে খারাপ- সরকারি সমীক্ষার রিপোর্ট ফাঁস হয়ে এ তথ্য সামনে চলে আসায় বেজায় অস্বস্তিতে ছিল মোদি সরকার। বেকারত্ব নিয়ে বিরোধীদের সমালোচনা সামলাতে হিমশিম খেতে হচ্ছিল বিজেপিকে। এবার ভোটের মধ্যেই চাকরি খোয়ানো নিয়ে এমন এক সমীক্ষার ফল সামনে এল, যা মোদি সরকারের অস্বস্তি আরও কয়েকগুণ বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। নতুন সমীক্ষায় উঠে এসেছে, নোটবন্দির পর থেকে গত দুই বছরে প্রায় ৫০ লক্ষ পুরুষ চাকরি হারিয়েছেন। নারীদের হিসাবে ধরলে স্বাভাবিকভাবেই এই সংখ্যা আরও অনেকটাই বাড়বে।
মঙ্গলবার বেঙ্গালুরুর আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের ‘দ্য সেন্টার ফর সাস্টেইনেবল এমপ্লয়মেন্ট’ একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। ‘স্টেট অব ওয়ার্কিং ইন্ডিয়া-২০১৯’ নামে ওই রিপোর্টে যদিও বলা হয়েছে, নোটবন্দি এবং চাকরি খোয়ানোর মধ্যে কোনো সম্পর্ক না থাকলেও এটা স্পষ্ট যে, চাকরি খোয়ানোর প্রবণতা বেড়েছে ২০১৬ সালের নভেম্বরের পর থেকে। সমীক্ষাটি করেছেন আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক আনন্দ শ্রীবাস্তব, রোসা আব্রাহাম এবং অমিত ভোঁসলে।