সমঝোতায় না হলে ভোটে নির্বাচিত হবে ছাত্রলীগের নেতৃত্ব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্রলীগের সম্মেলন যেভাবে হওয়ার সেভাবে হবে। এর জন্য প্রস্তাব ফর্ম ছাড়া হয়েছে। যদি সমঝোতা হয় তবে প্রেস রিলিজ দিয়ে হবে। না হলে ভোটের মাধ্যমে হবে। আমরা দেখতে চাই মেধাবীরা যেন নেতৃত্বে আসে। 
 
বুধবার বিকেলে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সম্মেলন শেষে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 
 
শেখ হাসিনা বলেন, ‘যেভাবে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচন হওয়ার সেভাবেই হবে। ইতোমধ্যে কে কে প্রার্থী তাদের তালিকা নেয়া হয়েছে। ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে একটা উপযুক্ত বয়সসীমা রয়েছে, তাদের ছাত্র হতে হবে। এদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব বেছে নেয়া হবে।’
 
তিনি আরো বলেন, ‘ছাত্রলীগের নেতা নির্বাচনের পদ্ধতি আছে। তালিকায়ে আসা আগ্রহীদের ডেকে সমঝোতার চেষ্টা করা হয়। সমঝোতা হলে এই কমিটির প্রেস রিলিজ দেয়া হবে। এতে সফল না হলে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট হবে। তবে ভোটের মাধ্যমে হওয়ারও একটা ঝামেলা আছে। তারা ইয়াং ছেলেপুলে, ভোটের মধ্যে অনেক কিছুই হতে পারে। তারা প্রভাবিত হতে পারে। তবে আমরা দেখবো ভোটের মধ্যে যোগ্য নেতৃত্ব এসেছে কিনা। যদি না আসে তাহলে ব্যবস্থা নেয়া হবে।’ 
 
সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরের উল্লেখযোগ্য বিষয় দেশবাসীকে জানাতে গণভবনে সংবাদ সম্মেলন ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে তিনি তার সফরের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
 
ইত্তেফাক/ইউবি