ধূলিঝড় ও ভারী বর্ষণে ভারতে নিহত ৭২

গতকাল মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশ ও রাজস্থানে ধূলিঝড় ও ভারি বৃষ্টিতে কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন।  এর মধ্যে উত্তর প্রদেশে নিহত হয়েছেন ৪৫ জন ও রাজস্থানে নিহত হয়েছেন ২৭ জন। উত্তর প্রদেশে নিহতদের মধ্যে শুধুমাত্র আগ্রাতেই নিহত হয়েছেন ৩৬জন। 
 
ঝড়ের প্রকোপ পড়েছে রাজধানী দিল্লীতেও। তবে সেখানে কোন হতাহতের খবর জানা যায়নি। 
 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই সংকটে অঙ্গরাজ্যগুলোকে সাহায্য করার প্রস্তাব দেয়া হয়েছে।  খবর এনডিটিভি।
 
উত্তর প্রদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সঞ্জয় কুমারকে উদ্ধৃত করে খবরে বলা হয়, উত্তর প্রদেশের আগ্রায় ৩৬ জন নিহতের খবর জানা গেছে। এছাড়া সাহারানপুরে দুই জন, বারেইলি, রামপুর, মুরাদাবাদে অন্তত একজন করে নিহত হয়েছেন।
 
রাজস্থানের পূর্বাংশে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন। পুরো অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আলওয়ার, ঢোলপুর ও ভারতপুর। এর মধ্যে শুধু ভারতপুরেই নিহত হয়েছেন ১২ জন।
 
ভয়ানক ঝড় ও বজ্রপাতে গাছ উপড়ে পড়া, বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়া, বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ার মতন ঘটনা ঘটেছে।
 
ইত্তেফাক/জাহিদ/নূহু