আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চক্রান্ত এখনো শেষ হয়নি। বিএনপি- জামায়াত আবারো চক্রান্ত শুরু করেছে, তাদের এই চক্রান্ত রুখতে হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে সুসংগঠিত রাখতে হবে।
গতকাল বুধবার বিকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতীয় চার নেতার অন্যতম এম মনসুর আলীর জন্মভূমি সিরাজগঞ্জের রতনকান্দিতে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঐতিহাসিক এ দিবসে বিএনপি-জামায়াত চক্রের অশুভ সকল চক্রান্ত ও পাঁয়তারা নস্যাত্ করার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সুদৃঢ় ও সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, কোনো চক্রান্তই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে পারবে না।’ এর আগে তিনি মহিষামুড়া গোল চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম জুড়ান। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, আব্দুল বারী তালুকদার, গোলাম রব্বানী, আশরাফুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, ছাত্রনেতা আব্দুল আলীম প্রমুখ।