দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বিএনপিকে মুসলিম লীগের মতো খুঁজে পাওয়া যাবে না। ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। নারায়ণপুর ইউনিয়ন নৌকা মার্কার ঘাঁটি। আর এ ঘাঁটিতে কেউ আঘাত করতে চাইলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া ঘরে বসে যে রাজনীতি করে, সে রাজনীতি আর মাঠে খায় না। বিএনপির নেতা কর্মীরা ছত্রভঙ্গ অবস্থায় পড়ে আছে। বিএনপি-জামায়াত সারাদেশে উন্নয়নের ধারাকে ব্যাহত করতে টেলিভিশনের সামনে বক্তব্য দেয়, মাঠে আসে না। আসুন, মাঠে আসুন, ভোট চাই। আগামী নির্বাচনে কাউকে তোষামোদ করা হবে না। যার যার ইচ্ছায় নির্বাচনে আসেন।
শুক্রবার বিকালে নারায়ণপুর ইউনিয়নের পয়ালী কাদের বক্স উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদারের সভাপতিত্বে উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু। এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির সরকার, যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হোসেন সরকারসহ দলীয় নেতৃবৃন্দ।
ইত্তেফাক/এমআই