ফেনীর সোনাগাজীতে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় ঝিনাইদহে প্রধানশিক্ষক এবং শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যশোরে পুরোহিতকে আটক করা হয়েছে। এদিকে ধর্ষক শিক্ষকের শাস্তির দাবিতে বুধবার সিলেটে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ফেনী: ফেনীর সোনাগাজীর চরদরবেশ আদর্শ গ্রামে প্রবাসীর স্ত্রীকে মঙ্গলবার গভীর রাতে ৩ সন্ত্রাসী পালাক্রমে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় আদর্শ গ্রামের পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা নুর নবী জানান, শাশুড়ি ও ননদ তাদের এক আত্মীয়ের অসুস্থতার কারণে বাড়ির বাইরে গেলে পূর্ব থেকে ওত্ পেতে থাকা সন্ত্রাসী মো. আপেল, মোশাররফ হোসেন ও নুর আলম প্রবাসী মো. সোহাগের স্ত্রীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে গণধর্ষণ করে। এরা সকলেই আদর্শগ্রামের স্থানীয় বাসিন্দা বলে পুলিশ জানায়। এসময় সন্ত্রাসীরা পালিয়ে গেলেও প্রবাসীর স্ত্রী তাদেরকে চিনে ফেলে এবং সে স্থানীয় আদর্শগ্রামের তদন্ত কেন্দ্রে উপস্থিত হয়ে ওই ৩ ব্যক্তির নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তদন্ত কেন্দ্রের পুলিশ ধর্ষক নুর আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ অপর ২ আসামীকে গ্রেফতারে জোর তত্পরতা চালিয়ে যাচ্ছে বলে নুর নবী জানান। ধর্ষণের ঘটনায় আলামত হিসেবে ওই গৃহবধুর ব্যবহূত কাপড়-ছোপড় জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের আলহেরা ইসলামী ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, শহরের আলহেরা ইসলামী ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবদুস সালাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির একাধিক ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিল। মঙ্গলবার ওই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে যৌন হয়রানি করে। ছাত্রী বিষয়টি অভিভাবকদের জানালে অভিভাবকরা স্কুল ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত প্রধানশিক্ষককে আটক করে। প্রধান শিক্ষক আবদুস সালাম ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের মৃত মতিন মুন্সির ছেলে।
যশোর: শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রকাশ ব্যানার্জী (৫৪) নামে এক পুরোহিতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরতলীর বিরামপুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর মন্দির থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার শিশুটির মা কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত প্রকাশ ব্যানার্জী ওই মন্দিরের পুরোহিত ও বিরামপুর এলাকার কালীপদ ব্যানার্জীর ছেলে।
কোতয়ালি থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানান, পহেলা বৈশাখ দুপুরে পুরোহিত প্রকাশ ব্যানার্জী মন্দিরে পূজা অর্চনা করছিলেন। এসময় শিশুরাও সেখানে উপস্থিত ছিল। এক পর্যায়ে সাড়ে নয় বছর বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে তিনি ভেতরের একটি কক্ষে নিয়ে সেখানে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিত্কার করলে ঘটনাটি জানাজানি হয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার রাতে প্রকাশ ব্যানার্জীকে মন্দির থেকে আটক করা হয়।
সিলেট: দক্ষিণ সুরমার নৈখাই হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় ওই স্কুলের শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবার দুপুরে বিক্ষোভ সমাবেশ করে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এদিকে ছাত্রী নিপীড়নের দায়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আমিনুল ইসলামকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান মোগলাবাজার থানার ওসি কাইয়ুম আহমদ। গত সোমবার নিপীড়নের শিকার ওই স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে নগরীর মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। পরে রাত ৪টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আমিনুল ইসলাম চৌধুরী ওই স্কুলের ইংরেজি বিষয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
সূত্র জানায়, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যায়ের ইংরেজি বিষয়ে খণ্ডকালীন শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী বিদ্যালয়ের প্রধানশিক্ষকের রুমে গত ৬ এপ্রিল সকাল সোয়া নয়টায় নবম শ্রেণির ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন। এরপর ছাত্রীটি স্কুলের অপর শিক্ষক সুমিন আহমদকে বিষয়টি জানায়। শিক্ষক সুমিন দুইজন মহিলা শিক্ষককে ঘটনাটির সত্যতা যাচাই করতে বলেন। লাঞ্ছিত ছাত্রী মহিলা শিক্ষকদের জানায়, গত ১ এপ্রিল সকালে শিক্ষক আমিনুল তার শরীরে হাত দেন। এরপর ২ ও ৩ এপ্রিলও তার স্পর্শকাতর স্থানে আমিনুল হাত দেয়। বিষয়টি পরে প্রধানশিক্ষককে জানানো হলে তিনি বিষয়টি বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতিকে অবগত করেন। পরে কমিটির সিদ্ধান্ত মোতাবেক শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরীকে বরখাস্ত করা হয়।