রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশকে সমর্থনের আশ্বাস ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশকে সমর্থন দেবেন বলে আশ্বাস দিয়েছেন। এ মর্মে শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চত করেছেন। (খবর: রয়টার্স)

করিম জানান, চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'রোহিঙ্গাদের নিরাপদে এবং স্বেচ্ছায় স্বদেশে ফেরার উপযোগী পরিবেশ তৈরি করার জন্য মিয়ানমারকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়মিত চাপে রাখবে।'

উল্লেখ্য, গত মাসে প্রধানমন্ত্রী বলেছিলেন, রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ প্রয়োজন।

জাতিসংঘ কর্মকর্তারা বলছেন, মিয়ানমারের সেনাদের হাতে খুন, ধর্ষণ হওয়া থেকে রক্ষা পেতে কমপক্ষে ৭ লাখ রোহিঙ্গা মুসলমান মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। যাকে জাতিসংঘ "জাতিগত নির্মূল" বলে আখ্যা দিয়েছে।

মিয়ানমার অবশ্য সে দোষ অস্বীকার করে বলেছে, 'এটি বিদ্রোহী দমন অভিযান'।

করিম জানান, চিঠিতে ট্রাম্প বলেছেন, 'মিয়ানমার এ সমস্যা তৈরির দায়ভার এড়াতে পারে না। এর জন্য তাদের জবাবদিহি করতে হবে'।

করিম বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে পুনর্বাসিত করতে দেশটিকে চাপ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছেন।

ইত্তেফাক/নূহু