ইত্তেফাক রিপোর্ট
টানা দরপতনের মধ্যে গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক কিছুটা বেড়েছে। তবে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা এখনো ফিরে আসেনি। তাই বিগত কয়েকদিনের মত গতকালও ডিএসইর সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন বিনিয়োগকারীদের একটি অংশ। মানববন্ধনে পুঁজিবাজারের স্বার্থে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে গত ৭ এপ্রিল থেকে বিনিয়োগকারীরা টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। ২০১০ সালে শেয়ারবাজার ধসের পর এভাবে দিনের পর দিন বিনিয়োগকারীদের বিক্ষোভ ও মানববন্ধন করতে দেখা যায়নি।
টানা দুই সপ্তাহ ধরে চলা বিনিয়োগকারীদের এই মানববন্ধনের জন্য তৈরি করা ব্যানারে যেসব দাবি জানানো হচ্ছে সেগুলো হলো, জেড ক্যাটাগরি এবং ওটিসি (ওভার দ্য কাউন্টার) মার্কেট বন্ধ, ইস্যু মূল্যের নিচে অবস্থানরত কোম্পানিগুলোকে ইস্যু মূল্যে বাইব্যাক (পুনঃক্রয়) আইপিও এবং প্লেসমেন্ট শেয়ারের অবৈধ বাণিজ্য বন্ধ, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ন্যূনতম ১০ শতাংশ লভ্যাংশ বাধ্যতামূলক, খোন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা এবং বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খায়রুল হোসেনের পদত্যাগ।
ডিএসইর সূচক ঊর্ধ্বমুখী
টানা দরপতনের মধ্যে গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে। গতকাল ডিএসইর মূল্যসূচক বেড়েছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পতনের ধারাতেই ছিল।
গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৯ পয়েন্টে অবস্থান করে। অপর দুটি সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৮০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২১৭ পয়েন্টে অবস্থান করছে। মূল্যসূচকের এই উত্থানের পাশাপাশি ডিএসইতে লেনদেনও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৫৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৬৯ কোটি ৯১ লাখ টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ১১ পয়েন্ট কমে ৯ হাজার ৭৩২ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১২ কোটি ৬৬ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৩টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৩৭টির।