উত্তরায় বাথরুমে আটকা পড়া নারীকে উদ্ধার

রাজধানীর উত্তরায় বাথরুমে আটকা পড়া আলম আরা আকতার (৫৫) নামের এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তাকে উদ্ধার করা হয়। 
 
উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের একটি ৬ষ্ঠ তলা ভবনের ৪র্থ তলার একটি ফ্ল্যাটের বাথরুমে এক নারী আটকা পড়েন। সংবাদ পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্বজনদের কাছে থেকে জানতে পারি, বাথরুমের ভেতর একটি নারী আটকা আছেন। আমরা দরজাটি খুলে বাথরুমের ভেতর যাই এবং দেখতে পাই ওই নারী বাথরুমের মেঝেতে পড়ে আছেন। এমনভাবে সরু জায়গায় পড়ে আছে তাকে সহজে উদ্ধার করা সম্ভব না। পরে জরুরি উদ্ধার পদ্ধতির মাধ্যমে তাকে উদ্ধার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
 
এ সময় ওই নারীর স্বামী, ছেলে ও স্বজনরা বাসায় উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে