ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'কে হত্যার ষড়যন্ত্র করার দায়ে যুক্তরাজ্যে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তার নাম নাইমুর রহমান। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার আদালতে এসব অভিযোগ অস্বীকার করেছেন রহমান। -খবর বার্তা সংস্থা রয়টার্স
খবরে বলা হয়েছে, নাইমুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি ডাউনিং স্ট্রিটের প্রবেশদ্বারে একটি বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিলেন। আরো অভিযোগ আনা হয়েছে যে, বিস্ফোরণের পর সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে থেরেসা মে'কে হত্যা করার পরিকল্পনা করেছিলেন রহমান।
শুক্রবার লন্ডনের ওল্ড বেইলি কেন্দ্রীয় অপরাধ আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেন নাইমুর। আগামী মাস থেকে তার বিচারকার্য শুরু হবে। রহমানে বিরুদ্ধে গঠিত অভিযোগপত্রে বলা হয়েছে, তাকে ডাউনিং স্ট্রিটের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। এসময় তিনি বিস্ফোরক ভর্তি একটি ব্যাগ নিয়ে যুক্তরাজ্যে জনগণের ওপর হামলা করার পরিকল্পনা করছিলেন দাবি করা হয়ে অভিযোগপত্রে।
রহমানকে গত নভেম্বরে গ্রেফতার করা হয়। উল্লেখিত অভিযোগসহ তার বিরুদ্ধে আরো অভিযোগ আনা হয়েছে যে, তিনি মোহাম্মদ ইমরান নামের এক ব্যক্তিকে জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দিতে সহায়তা করেছিলেন।
ইমরানের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ হচ্ছে, তিনি আইএসে যোগ দেয়ার জন্য লিবিয়ায় ভ্রমণের চেষ্টা করেছিলেন। তবে শুক্রবার এই অভিযোগ অস্বীকার করেন ইমরান।
ইমরান লন্ডনের উত্তরাংশের বাসিন্দা। তিনি জানান, তিনি একজন ব্রিটিশ-বাংলাদেশি। অন্যদিকে ইমরান জানান, তিনি একজন ব্রিটিশ।
ইত্তেফাক/ জে আর