বরিশাল বিশ্ববিদ্যালয়

পূর্ণ মেয়াদকাল ছুটি কাটাবেন উপাচার্য!

ইত্তেফাক রিপোর্ট

বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. এস এম ইমামুল হক তার বাকি মেয়াদের পুরো সময়টাই ছুটি কাটাবেন। উপাচার্য তার ছুটির দরখাস্তে উপাচার্য ১১ এপ্রিল থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ১৫ দিনের ছুটিতে থাকার অনুরোধ জানিয়েছেন। তবে তাকে তার শেষ কর্মদিবস ২৪ মে পর্যন্তই ছুটি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের জানিয়েছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক ছুটির দরখাস্ত করেছিলেন। সে মোতাবেক তার ছুটি মঞ্জুর করা হয়। তিনি যতদিন ছুটি চেয়েছিলেন তত দিন মঞ্জুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, উপাচার্যদের ছুটি মঞ্জুর করেন রাষ্ট্রপতি। শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমে উপাচার্যের আবেদন রাষ্ট্রপতির কাছে পৌঁছায়।

শিক্ষামন্ত্রণালয়ের একটি সূত্র বলেছেন, যেহেতু উপাচার্যের মেয়াদ শিগগরিই শেষ হচ্ছে। এ কারণে তাকে ক্যাম্পাসে বিরূপ পরিস্থিতির আর মুখোমুখি না হতে হয় এ কারণেই পূর্ণ মেয়াদকাল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।