ইত্তেফাক রিপোর্ট
২৬ মামলায় নিরপরাধ পাটকল শ্রমিক জাহালমকে আসামি করার পেছনে কারা দায়ী তা জানতে তদন্ত প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট। তদন্ত সম্পন্ন হলে আগামী ২ মে ওই প্রতিবেদন দাখিল করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। পাশাপাশি এ সংক্রান্ত দুদকের করা ৩৩ মামলার নথিও দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
গতকাল মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় ছিল। শুরুতে দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, মামলার ফাইল আজও আসেনি। আমি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপন করেছি। প্রয়োজনে আবার বিষয়টি আদালতের নজরে আনব। এরপর তিনি নথি দাখিলের জন্য দুই সপ্তাহ সময় চান। আদালত বলে, এ ঘটনায় করা দুদকের অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রতিবেদন প্রস্তুত হয়েছে? আমরা দেখতে চাই এই জাহালমকে আসামি করার পেছনে কারা দায়ী? কারণ যারা দায়ী তাদের কারণে জাহালমকে তিন বছর জেল খাটতে হয়েছে। প্রতিবেদন প্রস্তুত হলে আদালতে দাখিল করবেন। জাহালমের আইনজীবী অমিত দাসগুপ্ত বলেন, ফাইল না আসায় আদালত জাহালমের বক্তব্য শুনেনি। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার উপস্থিত ছিলেন।