যুক্তরাষ্ট্রে বসবাসরত হন্ডুরাসের নাগরিকদের জন্য সাময়িক সুরক্ষা সুবিধা (টিপিএস) বন্ধ করে দিতে চলেছে ট্রাম্প প্রশাসন। ২০২০ সালের ৫জানুয়ারি থেকে প্রায় ৬০ হাজার হন্ডুরান অভিবাসীর জন্য সাময়িক সুরক্ষা সুবিধা বন্ধ করে দেয়া হবে। এমনটা হলে দেশে ফেরত পাঠানো হতে পারে তাদের। শুক্রবার এ কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে দুঃখ প্রকাশ করেছে হন্ডুরাস সরকার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন আইনের আওতায় ৫৭ হাজার হন্ডুরান অভিবাসীর টিপিএস বাতিল করে দেয়া হবে। এক বিবৃতিতে ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানায় যে, তারা হন্ডুরাসের তথাকথিত সাময়িক সুরক্ষা সুবিধা (টিপিএস) বাতিল করছে। তবে নতুন এ ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতে তাদেরকে ১৮ মাস সময় দেয়া হয়েছে। হন্ডুরাসের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে বলেছে, টিপিএস বাতিল যুক্তরাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্ত। তবে এটি খুবই দু:খজনক।
যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় আসার পর এরকম পদক্ষেপ আগেও নেয়া হয়েছে।এর আগে ট্রাম্পের সরকার এল সালভেদর, হাইতি, নেপাল ও নিকারাগুয়ার নাগরিকদের টিপিএস সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছিল। উল্লেখ্য, প্রাকৃতিক বিপর্যয়ে সব হারিয়ে বা সহিংস সংঘাত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে অভিবাসন করা ব্যক্তিদের টিপিএস সুবিধা দেয়া হয়। এই সুবিধার আওতায়, অভিবাসীদের তাদের নিজদেশে ফেরত যেতে বাধ্য করার সুযোগ থাকেনা।
ইত্তেফাক/জেআর