ইত্তেফাক রিপোর্ট
গত ২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে সারাদেশে ৪৭ জন শিশু ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানির শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার মেয়ে শিশুর সংখ্যা ৩৯। বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে ৫ জন শিশুকে। এর মধ্যে ৪ জন ছেলে শিশু ও একজন মেয়ে শিশু রয়েছে। ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে গতকাল মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এই তথ্য প্রকাশ করে। লিখিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি সমপ্রতি দেশে শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে। সংস্থাটি শিশুদের প্রতি চলমান সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ।
এমজেএফ মনে করে- বিচারহীনতার কারণে নারী ও শিশু নির্যাতনের ঘটনা অসহনীয় অবস্থায় উপনীত হয়েছে। ধর্ষণের ঘটনায় শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে স্বল্প ও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ে।
এ বিষয়ে এমজেএফ’র নির্বাহী পরিচালক শাহীন আনাম শিশু ও নারী ধর্ষণের ঘটনা বৃদ্ধির কারণ উদ্ঘাটন করে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিশু ও নারীর নিরাপত্তা বিধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এমজেএফ একই সঙ্গে আগুনে পুড়িয়ে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান।