ছোটপর্দার তারকারা সারাবছরই ব্যস্ত সময় পার করেন নাটক কিংবা টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে। তবে উত্সব ছাড়া বাকি সময়ে ধারাবাহিকের কাজই থাকে বেশি। কিন্তু একক কিংবা ৭ পর্বের বিশেষ নাটকে অভিনয়ের তোড়জোড় শুরু হয় দেশের যেকোনো উত্সবকে কেন্দ্র করে। উত্সব এলেই দৈনন্দিন ব্যস্ততার পালে হাওয়া লাগে কয়েকগুণ বেশি। আর সেই উত্সবটি যদি হয় পবিত্র ঈদ তাহলে তো কোনো কথাই নেই। এরইমধ্যে শিল্পী-নির্মাতাদের শুরু হয়েছে ঈদের নাটকের ব্যস্ততা। অভিনেতা-অভিনেত্রী, পরিচালকসহ অন্যান্য কলাকুশলীদের যেন দম ফেলার সময় নেই। শুটিংয়ে আজ পূবাইল তো কাল উত্তরা। এমনকি দেশের বাইরেও নাটকের শুটিংয়ের জন্য উড়াল দিতে হচ্ছে তাদের।
জানা গেছে, বেশ আগে থেকেই শুরু হয় ঈদ নাটক ও টেলিফিল্ম নির্মাণের কাজ। গত ঈদুল ফিতরে ৬শ’র বেশি নাটক নির্মিত হয়েছিল। এবার তার চেয়েও বেশি নাটক নির্মিত হবে বলে শোনা যাচ্ছে। নির্মাতাদের সাথে কথা বলে জানা যায়, ঈদকে কেন্দ্র করে নির্মিত নাটকগুলোর বাজেট অন্যান্য সময় থেকে বেশি থাকে, তাই মানের দিক থেকে নাটকগুলো ভালো হয়। এ কারণে নির্মাতারা গতানুগতিক ধারার গল্প থেকে বের হয়ে এসেছেন, সচেতন হচ্ছেন অন্যান্য বিষয়েও। কমেডি, রোমান্টিক, ফ্যান্টাসি, হররসহ বিভিন্ন ধারার গল্পের নাটক দেখা যাবে টিভিপর্দায়।
টিভি নাটকের জনপ্রিয় নির্মাতা সাগর জাহানের সাথে কথা বলে জানা যায়, প্রতিবারের মতো এবারো তার একাধিক নাটক থাকছে। ৭ পর্বের নাটক ও একক নাটক নির্মাণ করছেন তিনি। এরইমধ্যে তিনি শেষ করেছেন ‘মাহিনের লাল ডায়েরি’ ও ‘দুলু বাবুর্চি’ শিরোনামের ৭ পর্বের দুটি ধারাবাহিক। ‘মাহিনের লাল ডায়েরি’তে অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, ফারুক আহমেদ, আখম হাসান, রোবেনা রেজা জুঁই, সালহা খানম নাদিয়াসহ অনেকে। ‘দুলু বাবুর্চি’ নাটকের মূল চরিত্রে দেখা যাবে জাহিদ হাসানকে। বৃন্দাবন দাসের রচনায় এই নাটকে আরো অভিনয় করছেন শাহনাজ খুশি ও আশনা হাবিব ভাবনা। ‘বড় ছেলে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান এবার ঈদের জন্য ৪টি নাটক নির্মাণ করবেন। এরইমধ্যে ‘প্রবাসী’ শিরোনামের একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। এই নাটকেও প্রধান চরিত্রে দেখা যাবে অপূর্বকে।
ঈদের জন্য জনপ্রিয় নির্মাতা শিহাব শাহিন এরইমধ্যে দুটি নাটক নির্মাণ শেষ করেছেন। নাটক দুটি হলো ‘বন্ধন’ ও ‘বিনি সুতার টান’। দুটি নাটকেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব ও মম। এই দুটি ছাড়াও আরো কয়েকটি নাটক নির্মাণ করবেন বলে জানান তিনি। অভিনেত্রী ভাবনার প্রথম উপন্যাস ‘গুলনেহার’ অবলম্বনে নাটক নির্মাণ করবেন নির্মাতা অনিমেষ আইচ। নাটকের শিরোনামও থাকছে গুলনেহার। জানা গেছে, খুব শিগগিরই নাটকটির কাজ শুরু করবেন তিনি। পাশাপাশি নির্মাতা মাসুদ সেজানও ব্যস্ত রয়েছেন দুটি চ্যানেলের নাটক নিয়ে।
সবারই ইচ্ছে থাকে ভালো কিছু নির্মাণ করার। ঈদের শেষ মুহূর্তে নির্মাণ করতে গিয়ে অনেকেই ভালো নাটক উপহার দিতে পারেন না। তাই ঈদের কয়েক মাস আগে থেকেই ঈদ ব্যস্ততা শুরু হওয়াটাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ইত্তেফাক/কেআই