গাজায় বিস্ফোরণে নিহত ৬ হামাস সদস্য

অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে এক বিস্ফোরণের ঘটনায় হামাসের অন্তত ছয় সদস্য নিহত হয়েছেন। শনিবার দেইর আল-বালাহ শহরে এ ঘটনা ঘটে। সংগঠনটির সামরিক শাখা বিস্ফোরণের জন্য ইসরাইলকে দায়ি করেছে। কিন্তু ইসরাইল এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, বিস্ফোরণের সঙ্গে তাদের কোন ধরণের সংশ্লিষ্টতা নেই। এ খবর দিয়েছে দ্য হারেৎস।
 
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, বিস্ফোরণের উৎস সম্বন্ধে কিছু জানা যায়নি। হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
 
এক ফিলিস্তিনি সূত্র হারেৎসকে জানিয়েছে, সবকিছু বিবেচনা করে এটা বলা যায় যে, কোনো ভবনের ভেতরে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এছাড়া, হামাসের সামরিক শাখার সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এমন চিহ্নও রয়েছে।
 
স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ এর সময়কার একটি রয়ে যাওয়া বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় এ ঘটনা ঘটেছে।
 
হামাসের সামরিক শাখা এক বিবৃতিতে এই বিস্ফোরণের জন্য সর্বোপরিভাবে ইসরাইল দায়ি বলে জানিয়েছে এবং বলেছে, আমাদের যোদ্ধাদের বিরুদ্ধে নৃশংস অপরাধ সংঘটিত হয়েছে।
 
ইসরাইলি সেনাবাহিনী এই বিস্ফোরণের সঙ্গে তাদের কোন প্রকারের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে আইডিএফ কোনভাবেই জড়িত নয়।
 
ইত্তেফাক/জেআর