বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল। কানাডার আলাদত তাদের সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে। বিএনপি কোন ধরণের সন্ত্রাসী সংগঠন তা আমরা ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত আমরা দেখেছি। এমনকি তারা ক্ষমতায় থেকে আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। 
 
ড. হাছান মাহমুদ বলেছেন, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে আদালতের রায়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিত করা হয়েছে। সরকারের কিছু করার নেই। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিল আওয়ামী লীগ। 
 
রবিবার বিকেলে ধানমন্ডিস্থ প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগে প্রচার উপ-কমিটির নিয়মিত সভা শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা জানান।   
 
গাজীপুর সিটি নির্বাচন স্থগিত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,  আমি যতটুকু জানতে পেরেছি তাহলো, সাভারের শিমুলীয়া ইউনিয়নে ৬টি মৌজা গাজীপুর দেয়া নিয়ে মামলা হয়েছে। এ মামলার পর আদালত রায় দিয়েছে। আদালত স্বাধীন।  
 
‘হাছান মাহমুদ ছুটিতে তাই, উদ্ভট কথা বলার দায়িত্ব ওবায়দুল কাদেরের’বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এ মন্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, ‘আমি কোনো ছুটিতে নাই। গতকাল এমনকি তার আগেও মিডিয়ার সামনে কথা বলেছি।  উনি (রিজভী) কোনো খবরা খবর রাখেন না এর প্রমাণ হচ্চে তার আজকের এমন বক্তব্য। 
 
তিনি বলেন, তাদেরকে (বিএনপি) অনুরোধ জানাবো সকাল-বিকাল মিথ্যাচার না করে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করুন। 
 
প্রচার উপ কমিটির নিয়মিত সভায় এইচ টি ইমাম সভাপতিত্বে আরও উপস্থিত কমিটির উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন সহ প্রচার উপকমিটির অন্যান্য সদস্যবৃন্দ ।
 
ইত্তেফাক/ইউবি