২৫ মে শান্তিনিকেতনে শেখ হাসিনা-নরেন্দ্র মোদী বৈঠকের সম্ভাবনা

২৫ মে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেই সফরে দুজনের আলাদা করে বৈঠক হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
 
ওই দিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদী। ওই দিন শান্তিনিকেতনেই ‘বাংলাদেশ ভবন’-এরও উদ্বোধন করতে আসার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিশ্বভারতী সূত্রে খবর, সমাবর্তনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। পরে বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে পারেন দুই দেশের প্রধানমন্ত্রী।
 
বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন জানিয়েছেন, বিশ্বভারতীর সমাবর্তনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হবে।
 
জানা গেছে, ২৫ মে তারিখে কলকাতায় এসে শান্তিনিকেতন যাবেন শেখ হাসিনা। পরের দিন যাবেন আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাকে সাম্মানিক ডি. লিট দেওয়া হবে।
 
দুই দেশের প্রধানমন্ত্রীর শান্তিনিকেতনে দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও তাদের আলাদা বৈঠক হওয়ার বিষয়টি এখনো স্পষ্ট নয়। কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস সূত্রে জানা গেছে, শান্তিনিকেতনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানের সূচি দেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বাংলাদেশ ভবনের উদ্বোধন ছাড়াও তিনি বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানেও থাকবেন কি না, সে বিষয়ে জানানোর পরই প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত সূচি ঠিক হবে।
 
এদিকে দিল্লির সাউথ ব্লক সূত্রে জানা গেছে, বিস্তারিত সূচি জানার পরই ঠিক হতে পারে শান্তিনিকেতনে আলাদা করে দু’দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের সময় বের করা যাবে কি, যাবে না। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল অবশ্য মনে করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি সমাবর্তনে যোগ দিতে শান্তিনিকেতনে যান, সেক্ষেত্রে তার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ হলেও হতে পারে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ