পাসের সূচকে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা

২০১৮ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (কারিগরি) পরীক্ষায় পাসের সূচকে এবারো এগিয়ে রয়েছে মেয়েরা। তবে পাসের গড় হারে ছেলেরা পিছিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে। এবার ছেলেদের চেয়ে ৭ হাজার ৬১৪ জন বেশি মেয়ে শিক্ষার্থী পাস করেছে। আর মেয়েদের চেয়ে ছেলেরা ৭৭৩টি বেশি জিপিএ-৫ পেয়েছে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ।
 
ফলাফলে দেখা যায়, ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭১ শতাংশ। অপর দিকে, ছাত্রীদের হার ৭৮ দশমিক ৮৫ শতাংশ। অর্থাত্ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ২ দশমিক ১৪ শতাংশ বেশি। এবার ১০ বোর্ডের অধীনে ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। অকৃতকার্য হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৪৭০জন। জিপিএ-৫ প্রাপ্ত এক লাখ ১০ হাজার ৬২৯ শিক্ষার্থীর মধ্যে ছেলে ৫৫ হাজার ৭০১ জন ও মেয়ে ৫৪ হাজার ৯২৮ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ১০ লাখ ২২ হাজার ৩২০ জন। পাস করেছে ৭ লাখ ৮৪ হাজার ২৪৫ জন। ছাত্রী ছিল ১০ লাখ চার হাজার ২৫৪ জন। পাস করেছে ৭ লাখ ৯১ হাজার ৮৫৯ জন।
 
এবার ১০ বোর্ডের মধ্যে আট সাধারণ বোর্ডে মাধ্যমিকে শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ০৭ শতাংশ। যেখানে ছাত্রীদের পাসের হার ৭৮ দশমিক ০৮ শতাংশ এবং ছাত্রদের ৮৫ দশমিক ১৫ শতাংশ। দ্বিতীয় অবস্থানে ঢাকা বোর্ড। পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ, ছাত্র ৭৯ দশমিক ৭৯ ও ছাত্রী ৮৩ দশমিক ১০ শতাংশ। তৃতীয় স্থানে কুমিল্লা বোর্ড। পাসের হার ৮০ দশমিক ৪০ শতাংশ, ছাত্র ৮১ দশমিক ২৯ ও ছাত্রী ৭৯ দশমিক ৬৯ শতাংশ। চতুর্থ স্থানে দিনাজপুর। পাসের হার ৭৭ দশমিক ৬২, ছাত্র ৭৫ দশমিক ৮১ ও ছাত্রী ৭৯ দশমিক ৫১। পঞ্চম অবস্থানে বরিশাল বোর্ড। পাসের হার ৭৭ দশমিক ১১, ছাত্র ৭৫ দশমিক ২৩ ও ছাত্রী ৭৯ দশমিক ০২। ষষ্ঠ স্থানে যশোর বোর্ড। পাশের হার ৭৬ দশমিক ৬৪, ছাত্র ৭৪ দশমিক ৪৪ ও ছাত্রী ৭৮ দশমিক ৮৭। সপ্তম স্থানে চট্টগ্রাম বোর্ড। পাশের হার ৭৫ দশমিক ৫০, ছাত্র ৭৫ দশমিক ৮৬ ও ছাত্রী ৭৫ দশমিক ১৯। অষ্টম স্থানে সিলেট বোর্ড। পাশের হার ৭০ দশমিক ৪২ শতাংশ, ছাত্র ৮১ দশমিক ৩৩, ছাত্রী ৭৯ দশমিক ৭১ শতাংশ। অন্য দিকে, বিদেশি আট কেন্দ্রে পাসের হার ৯৩ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯০ জন।
 
ইত্তেফাক/কেকে