সিঙ্গাপুরে হতে পারে ট্রাম্প-কিমের যুগান্তকারী বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী মাসে সিঙ্গাপুরে বৈঠকে বসতে পারেন। এ বৈঠকে দুই নেতা উভয় দেশের জন্য মঙ্গলজনক কিছু সিদ্ধান্তে উপনীত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপির। 
 
বিস্তারিত উল্লেখ না করে সপ্তাহান্তে ট্রাম্প বলেন, উভয় পক্ষ যুগান্তকারী এ বৈঠকের তারিখ ও স্থান নির্ধারণ করেছে। তবে বৈঠকের তারিখ ও স্থানের নাম পরে ঘোষণা করা হবে। আর এটি হবে মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতার মধ্যে প্রথম বৈঠক।
 
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সোমবার দক্ষিণ কোরিয়ার চোসান ইলবো দৈনিকের খবরে বলা হয়, আগামী জুনের মাঝামাঝি সময়ে  যুগান্তকারী এ বৈঠক অনুষ্ঠিত হবে।
 
ওই সংবাদপত্রের খবরে আরো বলা হয়, বৈঠকটি সিঙ্গাপুরে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এ মাসের শেষের দিকে হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের সময়ে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
 
দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ সপ্তাহান্তে একই ধরনের এটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনেও এ বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে সিঙ্গাপুরের নাম উল্লেখ করা হয়। 
ইত্তেফাক/ জেআর