শ্রদ্ধা ভালোবাসায় বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জসহ ঢাকার আশেপাশের এলাকাগুলোতে শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল জেলা আওয়ামী লীগ অফিসে সকালে আলোচনা সভা, জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন আজ। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির ওপর হামলা চালানোর পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা হয়। ১৯৭১ সালের এই দিনে সে সময়ের মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমেদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।
গাজীপুর প্রতিনিধি জানান, ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ -এ প্রতিপাদ্য নিয়ে গাজীপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বুধবার গাজীপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু নাসারউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, মুক্তিযোদ্ধা মোঃ মহর আলী, মুক্তিযোদ্ধা মোঃ ইমান উদ্দিন, মুক্তিযোদ্ধা আবু হানিফ, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অসীম বিভাকর, জেলা কালচারাল অফিসার শারমিন জাহান প্রমুখ।
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওরে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, ঘিওর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমির হোসেন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আতোয়ার প্রমুখ।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপসচিব মোহা. হারুন-অর-রশীদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মো. মতিউল ইসলাম হিরু, সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহ, দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজিবুল হাসান ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, ঐতিহাসিক মুজিবনগর সরকারের ঘোষণাপত্রের আলোকে পরবর্তীতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধান রচনা করা হয়।