কলেজছাত্রীর উপর এসিড নিক্ষেপের মামলায় ৪ জনের কারাদণ্ড

কুষ্টিয়ায় কলেজছাত্রীসহ পরিবারের অপর তিন সদস্যের উপর এসিড নিক্ষেপের দায়ে এক আসামির ১৪ বছর কারাদণ্ড এবং সহযোগিতার দায়ে তিন আসামির ৭ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। 
 
সোমবার দুপুরে কুষ্টিয়ার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় প্রদান করেন। একই সঙ্গে মামলার প্রধান আসামিকে ৫০ হাজার টাকা ও বাকি তিনজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। 
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মাসুদ আলীর ছেলে রাজীব (২২), একই গ্রামের আশরাফুলের ছেলে রতন (২০), গোপালপুর গ্রামের রমজান আলীর ছেলে আল আমীন (২৩) ও আমজাদ মোল্লার ছেলে জহুরুল ইসলাম বাবু (২৭)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 
 
কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, সদর উপজেলার গোপালপুর গ্রামের কলেজ ছাত্রী সোনিয়া কলেজে যাতায়াতের সময় রাজিব নানাভাবে তাকে উত্ত্যক্ত করত। এক পর্যায়ে রাজিব সোনিয়াকে প্রেমের প্রস্তাব দিলে সোনিয়া তা প্রত্যাখান করে। প্রতিশোধ নিতে রাজিব ২০১৪ সালের ৫ জুলাই গভীর রাতে সহযোগীদের যোগসাজশে সোনিয়ার বাড়ির জানালার দিয়ে ঘুমন্ত সোনিয়ার উপর এসিড নিক্ষেপ করে। এ ঘটনায় সোনিয়া ও একই বিছানায় ঘুমন্ত ছোট ভাই তিতুমীর ও ফুফু সালেহা এসিড দগ্ধ হন। এসিড নিক্ষেপের এ ঘটনায় সোনিয়ার পিতা আয়ুব আলী মোট ৮ জনের বিরুদ্ধে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/ইউবি