ধামরাইয়ে আধিপত্য নিয়ে বিরোধের জেরে মসজিদ ভেঙে দিল প্রতিপক্ষ

ঢাকার ধামরাই উপজেলার বাইচাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে রাতের আঁধারে চল্লিশ বছরের পুরনো মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এলাকার একটি স্বার্থান্বেষী মহল। এ ঘটনায় অজ্ঞাতনামাসহ ৩৮ জনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা হয়েছে। পুলিশ হান্নান ও মোজা দেওয়ান নামে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাইচাইল গ্রামে ‘ইনসাফ’ নামে একটি আনরেজিস্টার্ড সমিতি রয়েছে। এই সমিতির প্রায় সাড়ে পাঁচশ শতাংশ জমি রয়েছে। ওই জমিতে একটি বড় খেলার মাঠ, তিনটি পুকুর, একটি ঈদগাহ, একটি মসজিদ, মাদ্রাসা ও অনেকগুলো বড় বড় মূল্যবান গাছ রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই সমিতির দুই পক্ষের লোকজনের মধ্যে জমাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। আব্দুল বারেক, ফরহাদ হোসেন, মো. তোতা মিয়াসহ এলাকার বেশ কয়েকজন জানান, বেশ কিছুদিন থেকে এলাকার মোতাহার, জাহাঙ্গীর ডাক্তার গংরা ওই মসজিদে তাদের নামাজ পড়তে বাধা দিয়ে আসছিল। গত শনিবারও মসজিদে মুসল্লিরা নামাজ পড়েছেন। কিন্তু পরদিন রবিবার সকালে এলাকাবাসী মসজিদটি গুঁড়িয়ে যাওয়া অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ হান্নান ও মোজা দেওয়ান নামে দুই আসামিকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে গতকাল বুধবার তাদের আদালতে প্রেরণ করে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ সেকান্দার আলী দুই আসামির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।