নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাবিকৃত যৌতুক না পেয়ে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম সালমা আক্তার (২৬)। মঙ্গলবার বিকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার এক ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর একমাত্র সন্তানকে নিয়ে পালিয়েছে নিহতের স্বামী। মঙ্গলবার রাতে সোনারগাঁও থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুর রব মিয়া বাদী হয়ে বুধবার বিকালে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।
সোনারগাঁও থানায় দায়ের করা মামলার বিবরণী থেকে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার ওই বাসায় গত মঙ্গলবার বিকালে মাদকাসক্ত ইকবাল হোসেন (৩৪) যৌতুক বাবদ ২০ হাজার টাকা দেওয়ার জন্য তার স্ত্রী সালমা আক্তারের ওপর চাপ প্রয়োগ করে। সালমা এ টাকা দিতে আপত্তি জানালে দুজনের মধ্যে কলহ হয়। একপর্যায়ে ইকবাল স্ত্রী সালমাকে বেধড়ক পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। পরে একমাত্র সন্তান ইমরানকে (৬) সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর আশপাশের লোকজন এসে খাটের উপর সালমার লাশ পড়ে থাকতে দেখে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করে।
নিহত গৃহবধূ সালমার বড় ভাই আব্দুর রব জানান, ইকবাল সব সময় নেশা করত। সে আমার বোনকে মারধর করে বেশ কয়েকবার যৌতুক আদায় করেছে। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, নিহত সালমার বড় ভাই বাদী হয়ে অভিযুক্ত ইকবালের বিরুদ্ধে বুধবার বিকালে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ইকবালকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।