নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মল্লিকেরপাড়া গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ফয়সাল নামে এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনার পর আহত ওই যুবককে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় গতকাল বিকালে আহত যুবকের মামাতো ভাই রিয়াদ হোসেন রনি বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, সোনারগাঁও পৌর এলাকার মল্লিকেরপাড়া গ্রামে আবু সাইদ দীর্ঘদিন ওই এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছে। একই এলাকার নুর মোহাম্মদের ছেলে ফয়সাল মাদক বিক্রিতে আবু সাইদকে বাধা দেয়। এ নিয়ে আবু সাইদের সাথে ফয়সালের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল দুপুরে ফয়সাল মল্লিকেরপাড়া এলাকায় গেলে আবু সাইদের নেতৃত্বে নুর আলম, মো. আলম, সাইফুল, রতন, হিরনসহ ১০-১২ জনের একটি দল দা, বঁটি, লোহার রড নিয়ে ফয়সালের ওপর হামলা চালায় এবং ফয়সালকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় ফয়সালের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে আহত ফয়সালের বন্ধু নাইম গতকাল বিকালে টিপুরদী এলাকায় ঘুরতে গেলে সাইদ ও তার লোকজন তাকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে।