ভারতের জম্মু-কাশ্মীরে ছদ্মবেশী জঙ্গিদের ধরতে এবার নারীদের নিয়োগ করছে দেশটির সেনাবাহিনী। জানা গেছে, টহলদারি বাহিনীর চোখে ধুলো দেয়ার জন্য সন্ত্রাসবাদীরা বোরকা পড়ে চলাফেরা করে। কখনো আবার হামলার পর বোরকার আড়াল নিয়ে তারা অক্ষত শরীরে এলাকা ছাড়ে।
সেনাবাহিনীর দাবি, সময়ের সঙ্গে সঙ্গে জম্মু-কাশ্মীরের জঙ্গিবাহিনী কৌশল বদলাচ্ছে। সেনা বাহিনীর উপর পাথর হামলা ছাড়াও বড়সড় নাশকতার কাজেও নামানো হচ্ছে নারীদের। বোরকার আড়ালে অস্ত্র পাচারের আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। বারবার ধাক্কা খেতে-খেতে অবশেষে নারী রক্ষী নিয়োগ করতে চলেছে সেনাবাহিনী। নিয়োগের কাজ শুরু হবে কয়েক মাসের মধ্যেই।
মুখোমুখি সংঘর্ষস্থলে নারীদের মোতায়েনের বিষয়টি ভারতে অন্তর্ভুক্ত হয় ২০১৫ সালে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, একই রকমের কাজে নারীদের নিয়োগ করা হচ্ছে ব্রিটেন, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন দেশে। যদি ওরা পারে, তবে ভারতের নারীরাও পারবে। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু