শবেবরাত উপলক্ষে সোমবার সরকারি ছুটি

শবেবরাত উপলক্ষে ২১ এপ্রিল রবিবারের পরিবর্তে ২২ এপ্রিল সোমবার ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল বুধবার সন্ধ্যায় আগামী ২২ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বাসায় মির্জা ফখরুল

গতকাল বুধবার রাতে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বনানীর বাসায় যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, বড়ো ছেলে আরবার ইলিয়াস, ছোটো মেয়ে সাইয়ারা নাওয়ালসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের সান্ত্বনা দেন।

২০১২ সালের ১৭ এপ্রিল নিখোঁজ হওয়া সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী প্রসঙ্গে ফখরুল বলেন, আমরা এখনো আশা করি ইলিয়াস আলী আমাদের মাঝে, তার পরিবারের মাঝে ফিরে আসবেন। 

ফখরুলের সঙ্গে ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, নির্বাহী সদস্য আয়েশা সিদ্দিকা, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।