শবেবরাত নিয়ে রিটের অনুমতি দেননি হাইকোর্ট

পবিত্র শবেবরাতের তারিখ নির্ধারণ নিয়ে করা রিট আবেদন দাখিলের অনুমতি দেননি হাইকোর্ট। আদালত বলেছেন, এ অবস্থায় নতুন করে বিভ্রান্তির অবকাশ নেই। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করেন।

৬ এপ্রিল চাঁদ দেখা গেছে দাবি করে রিট আবেদন প্রস্তুত করে ‘মজলিসু রুইয়াতিল হিলাল’ নামের একটি সংগঠন। সকালে ওই রিট আবেদন দাখিলের জন্য হাইকোর্টের হলফনামার অনুমতি চান আইনজীবী খুরশীদ আলম খান। আদালত বলেন, আমরা এখন হলফনামা অনুমতি দেব না। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।

খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, রিটকারীদের বক্তব্য হচ্ছে ৬ এপ্রিল চাঁদ দেখা গেছে। সে অনুসারে ২০ তারিখ শবেবরাত। অনুমতির জন্য আদালতে এসেছিলাম। আদালত অনুমতি দেননি।