সামনে কঠিন চ্যালেঞ্জ ও কঠিন সময় : মেনন

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সামনে কঠিন চ্যালেঞ্জ ও কঠিন সময়। উন্নয়ন যেন আমার জীবনমানকে ধ্বংস না করে। উন্নয়ন যেন আমার নীতি-নৈতিকতা বোধকে চুরমার না করে দেয়। এটা আমাদের সামনে এখন বড়ো চ্যালেঞ্জ। ১৪ দলের আরেক শরিক বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, গণতন্ত্র ও সাংবিধানিক শাসন রক্ষার স্বার্থে জনগণকে ভোটে ফিরিয়ে আনার পথ বের করতে হবে, নয়তো বিপদ বাড়বে ছাড়া কমবে না। ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাসদ আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন ও মোহাম্মদ খালেদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণ আজাদী লীগের সভাপতি এস কে সিকদার, ন্যাপ নেতা আব্দুর রশীদ প্রমুখ।