ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। নিজেদেরকে পরিচ্ছন্ন জাতি হিসেবে বিশ্বের দরবারে স্থান করে নিতে হবে।
আজ বুধবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আসন্ন রমজান উপলক্ষে মুসল্লিদের যাতায়াত ও এবাদতে স্বাচ্ছন্দ্য বিধানের লক্ষ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ সাঈদ খোকন বলেন, প্রতিটি নাগরিকেরই উচিত এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করা। এ অভিযান শুরু করতে হবে নিজের ঘর থেকে। নিজের ঘর, আঙিনা, পাড়া-মহল্লা পরিষ্কার থাকলেই শহর পরিষ্কার থাকবে।
তিনি বলেন, দিন দিন আমাদের ধর্মীয়, পারিবারিক ও সামাজিক মূল্যবোধগুলো হারিয়ে যাচ্ছে। এই অনুভূতি ও মূল্যবোধগুলোকে হারিয়ে যেতে দেয়া যাবে না। এই মূল্যবোধগুলোকে বাঁচিয়ে রাখতে পারলেই শহরের মানুষগুলো ভাল থাকবে।
ইত্তেফাক/এমআই