২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব) অলি আহমদ বলেছেন, দেশের ১৬ কোটি মানুষকে অসম্মান করে বিএনপির এমপিরা জাতীয় সংসদে শপথ নিলে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবেন। লোভে পড়ে জাতির সঙ্গে বেইমানি করার কোনো কাজে এলডিপি সমর্থন করবে না। ভোটারদের সঙ্গে অসম্মান করে যদি সংসদে যায় সেটা তিনি সমর্থন করবেন না।
আপসের মাধ্যমে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে কর্নেল (অব) অলি আহমেদ বলেন, বেগম জিয়াকে যতদূর জানি বা চিনি, তিনি কখনো নিজের সুবিধার জন্য কারো সঙ্গে আপস করবেন না। গতকাল বুধবার বিকালে ডিওএইচএসের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে বিএনপির এমপিদের সংসদে যাওয়ার একটা কথাবার্তা হচ্ছে। এ বিষয়ে কর্নেল অলি বলেন, যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আমি মনে করি কেউ ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য বেগম জিয়াকে ব্লাকমেইল করছে। আমি মনে করি কেউ লোভে বশীভূত হয়ে বিএনপিকে বিপদগামী করছে।
তিনি বলেন, লোভ ও জাতির সঙ্গে বেইমানি করা কোনো কাজে এলডিপি কখনো সমর্থন করবে না। ১৮ কোটি ভোটারের সঙ্গে বেইমানি করে যদি সংসদে যায় সেটা আমি সমর্থন করবো না। যদি তারা সংসদে যায় তাহলে তাদের বিরুদ্ধে বিএনপি কী ব্যবস্থা নেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার।
অলি বলেন, বেগম জিয়া আমার জানা মতে শাস্তিযোগ্য কোনো অপরাধ করেনি। রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা যারা ২০ দলে আছি, আমাদের চেয়ে বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব শতগুণে বেশি। আমরা যদি মনে করি- কর্মীরা মাঠে থাকবে, আর আমরা ঘরে থাকবো, তাহলে বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না।