নির্বাচনে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে কোন ভুল করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও এবং আগুনে পুড়িয়ে যারা মানুষ হত্যা করে এ দেশের জনগণ তাদের ভোট দেবে না। তারা জনগণের ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ১৯৭০ সালের নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে তিনি আরো বলেন, এ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের মুক্তিযুদ্ধের শক্তি রাষ্ট্র পরিচালনা করবে, নাকি পাকিস্তানের প্রেতাত্মা ঘাতকেরা দেশ শাসন করবে, তা জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে।
আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারের খেলার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। এসময় সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে একদিকে মহাকাশ জয়ের যাত্রা শুরু হয়েছে। অন্যদিকে তৃণমূলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের কাজ করা হচ্ছে।
দলের স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, উন্নয়ন এবং ভালবাসা দিয়ে জনগণের কাছে ভোট চাইতে হবে। রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা সহ অবকাঠামোগত সকল উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে নৌকা মার্কার ভোট চাইতে হবে। নির্বাচনী মাঠে একা খেলতে কোন মজা নেই। প্রতিপক্ষকে পরাজিত করেই আওয়ামী লীগ ভোটে জিততে চায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে হ্যাট্রিক করতে চায়।
ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সহিদুল আলম। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, কৃষি বিষয়ক সম্পাদক গাজী আমিনুল হক, কাজিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, মিজানুর রহমান দুদু, গোলাম রব্বানী, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ। ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের এই সম্মেলনে প্রধান অতিথি মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে পার্শ্ববর্তী বাগবাটি, রতনকান্দি ও বহুলী ইউনিয়ন থেকে দলের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত হলে সম্মেলন স্থল বিশাল জনসভায় রূপ নেয়। সম্মেলন উদ্বোধন করেন মনসুর নগর থানা আওয়ামী লীগের আহবায়ক আব্দুল লতিফ তারিন।
ইত্তেফাক/এসএস