মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। কোটা পদ্ধতির মাধ্যমে তাদের সন্তানদের চাকরি পাওয়ার নিশ্চয়তা ছিল। কোটা সংস্কারের দাবীর প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটা কিছুটা কমতে পারে। তবে তাদের (মুক্তিযোদ্ধাদের) সন্তানরা দেশের সম্মানজনক পদে যাতে চাকরি পায়, সে বিষয়টি নিয়ে ভাবছে সরকার।
তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে বাংলাদেশকে শ্রেষ্ঠ উপহার দিয়ে গেছেন। তার এবং তাদের সন্তানদেরকেও সরকার মূল্যায়ন করতে চায়।
আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারার হিসনা নদীর পাশে কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক তথা দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনের অন্যতম সংগঠক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম আনিসের নামে ভেড়ামারা-গ্রাগপুর রাস্তাটির নামকরণের ফলক উন্মোচন, ভেড়ামারা সরকারি মহিলা ডিগ্রী কলেজের চারতলা নতুন ভবন উদ্বোধন ও ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে একথা বলেন।
এসময় আরও মন্ত্রী বলেন, আগামী ৩ মাসের মধ্যে সকল মুক্তিযোদ্ধাদের ভাতা মোবাইল এর মাধ্যমে দেওয়া হবে। সারাদেশে যেসব মুক্তিযোদ্ধাদের জমি আছে কিন্তু বাড়ি নেই তাদের বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। এছাড়া, সব বধ্যভূমি একই নকশায় নির্মাণ করা হবে।
ওই সুধী সমাবেশে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক তথা দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনের অন্যতম সংগঠক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম আনিস। বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আকতারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া শহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব রফিকুল আলম টুকু, ভেড়ামারা কমান্ডার এ্যাড. আলম জাকারিয়া টিপু, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল বায়েছ মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা পরিষদেও প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল।
ইত্তেফাক/এসএস