মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রতিটি সেক্টরে নারীরা আজ ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহ, উদ্দীপনা ও নারী ক্ষমতায়নের ফলে বাংলাদেশের নারীরা আজ আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত হয়েছে।
শনিবার সকালে রাজশাহী সরকারি কমিউনিটি সেন্টারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীর আয়োজনে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
প্রাথমিকভাবে ৫টি ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের ৮টি জেলা কমিটি নির্বাচিত ৪০ জয়িতাকে মনোনয়ন প্রদান করা হয়। পরবর্তীতে তথ্য উপাত্ত বিশ্লেষণপূর্বক বিভাগীয় কমিটি ৫টি ক্যাটাগরির প্রতিটিতে ২জন করে ১০ জন জয়িতার হাতে প্রতিমন্ত্রী চ্যাম্পিয়ন ও রানারআপ পুরস্কার তুলে দেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. নূর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহাপরিচালক কাজী রওশন আক্তার, সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।
ইত্তেফাক/ইউবি