ঢাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নিজ দলের নেতাকে মারধরের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগ সভাপতি ইউসুফ উদ্দীন খানের বিরুদ্ধে নিজ দলের এক নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের শিকার ছাত্রলীগ নেতা ওয়ালিউল সুমন বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের এক নম্বর সাংগঠনিক সম্পাদক। 
 
ভুক্তভোগী ছাত্রলীগ নেতা বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টার দিকে আমি বিজয় একাত্তর হলের সামনের রাস্তার কোনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় ইউসুফ মোটরসাইকেলে এসে আমাকে সরে যেতে বলেন। রাস্তার অন্যপাশের খালি জায়গা দিয়ে যেতে বললে ইউসুফ আমাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে ইউসুফের অনুসারীরাও আমার ওপর হামলা করে।’ 
 
মারধরকারী অন্যরা হলেন- তালহা জুবায়ের খান, আজহারুল ইসলাম, ইনসানুল, রানা, ইমতিয়াজ, ইয়াকুব ও রুবেল। রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহত সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা নিচ্ছিলেন।
 
অভিযোগের বিষয়ে ইউসুফ বলেন, ‘ওটা ছ্টো একটা ভুল বোঝাবুঝি। আমি আসতেছিলাম বাইক নিয়ে। সুমন রাস্তার মাঝখানে ছিল, অন্যপাশে রিকশা ছিল। গাড়ি রিকশায় লেগে যাচ্ছিল, আমি ব্রেক করে হর্ণ দিলে  আমাকে অন্য পাশ দিয়ে যেতে বলে। তখন আমি তাকে ধাক্কা দিই। ওখানে আমার পোলপান ছিল। তারা সুমনকে মারতে গেলে আমি আটকে হলে পাঠিয়ে দিই।’
 
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘আমি খোঁজ নিচ্ছি। ’