কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার বাসস্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিবলী সাদিকের নেতৃত্বে এ  উচ্ছেদ অভিযান করা হয়।

ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে অভিযানে ৪টি আধা পাকা ঘর ও শতাধিক  টিন সেট ঘর গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও স্বেচ্ছায় প্রায় অর্ধ শতাধিক আধা পাকা ঘর সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: তীব্র গরমের মাঝে বৃষ্টির পূর্বাভাস

উচ্ছেদ অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব চক্রবর্তী, ইন্সপেক্টর (অপারেশন) সোহেল রানাসহ উপজেলা, থানা ও পৌর প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

কালীগঞ্জ উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিবলী সাদিক জানান, একাধিকবার মৌখিক নোটিশের পরও তারা  স্থাপনা সরিয়ে নেয়নি। তাই অভিযান পরিচালনা করা হয়। তবে যাদের উচ্ছেদ করা হলো তাদের সরকারের নিয়ম অনুযায়ী পুর্নবাসনের ব্যবস্থা করা হবে।

ইত্তেফাক/এমআরএম