‘বাংলাদেশ হবে এশিয়ার উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম’

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অর্থনীতি ও তথ্য প্রযুক্তিসহ সকল ক্ষেত্রেই আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে এশিয়ার উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম। এ সময়ে তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়াসহ চারটি টাইগার দেশকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। 
 
তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন জাতি হিসেবে বিশ্বে উচ্চ মর্যাদা অর্জন করেছে। দেশের অব্যাহত অগ্রগতির পথে এটি বিশ্বব্যাপী সাড়া জাগানো একটি নতুন মাইলফলক। এই স্যাটেলাইট দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
 
রবিবার বিকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের মথুরাপুর আক্তার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন। 
 
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাহসী ও দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে একটা উচ্চ মর্যাদা পেয়েছি। তাই সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।  
 
বিশিষ্ট শিক্ষানুরাগী আক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন তছলিম, প্রচার সম্পাদক কামাল উদ্দিন, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, আক্তার আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাফিজ উল্লাহ খোকন প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি