সিগন্যাল অমান্য করে গাড়ি চালিয়ে একজন মোটরসাইকেল চালককে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিককে দেশ ছাড়তে দেয়নি পাকিস্তান। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম বলছে, পাকিস্তানে মার্কিন ডিফেন্স অ্যাটাচে কর্নেল ইমানুয়েল হলকে নেয়ার জন্য একটি বিমান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তাকে পাকিস্তান ছাড়ার অনুমতি দেয়া হয়নি।
IMG0
এর আগে মার্কিন কর্মকর্তারা বলছিলেন, তাকে গ্রেপ্তার বা বিচার করা যাবে না, কারণ তার কূটনৈতিক অব্যাহতি রয়েছে। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট রুল জারি করেছে যে, কর্নেল হল সম্পূর্ণভাবে কূটনৈতিক অব্যাহতি পাবেন না। ইতোমধ্যেই তার নাম ভ্রমণের কালো তালিকায় যোগ করা হয়েছে। এর মানে, তিনি পাকিস্তানের কোন বিমানবন্দর থেকেই দেশের বাইরে যেতে পারবেন না।
IMG1
এই ঘটনা দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। গত ৭ই এপ্রিল ইসলামাবাদে একটি সড়ক দুর্ঘটনায় মারা যান ২২ বছর বয়সী আতিক বেগ। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে, একটি সংযোগ সড়কে লাল বাতি থাকা সত্ত্বেওে একটি সাদা ফোর হুইল ড্রাইভ গাড়ি অমান্য করে অতিক্রম করছে। তখন ওই মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গাড়িটি কর্নেল হল চালাচ্ছিলেন বলে জানানো হয়েছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু