এভারেস্টে গিয়ে হারিয়েছিলেন দুই পা, এবার কৃত্রিম পায়েই তা জয়

চীনের পর্বতারোহী শিয়া বউ ১৯৭৫ সালে তার প্রথম অভিযানে এভারেস্টর চূড়ার কাছাকাছি গিয়ে ফ্রস্ট-বাইটে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই অসুস্থতার জেরে পায়ে ক্যান্সার হওয়ায় ১৯৯৬ সালে হাঁটুর নীচ থেকে তার দুই পা কেটে ফেলতে হয়। কিন্তু তার পরও স্বপ্ন পূরণে পেছপা হননি তিনি। 
 
সোমবার সকালে কৃত্রিম পায়ে ভর করেই ২৯,০২৯ ফুট উচ্চতা অতিক্রম করে এভারেস্টর চূড়ায় পৌঁছুতে সক্ষম হয়েছেন ৬৯ বছরের শিয়া বউ। যদিও ১৯৭৫ সাল থেকে এভারেস্টে ওঠার চেষ্টা করে যাচ্ছিলেন তিনি।
IMG0
গত বছর নেপালের সরকার যখন দুই-পা কাটা এবং অন্ধদের জন্য এভারেস্টে ওঠা নিষিদ্ধ করে দেয়, চরম হতাশায় পড়ে গিয়েছিলেন তিনি। এরপর ২০১৪ এবং ২০১৫ সালে তিনি আবার অভিযানের জন্য নেপালে আসেন, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং দুর্ঘটনার জন্য নেপাল সরকার দুবারই পর্বতারোহণ বন্ধ রেখেছিলো।
 
২০১৬ সালেও মাত্র ২০০ মিটার ওঠার পর খারাপ আবহাওয়ার কারণে তাকে ফিরে আসতে হয়েছিল। তবে এ বছর মার্চ মাসে নেপালের সুপ্রিম কোর্ট সরকারের ঐ নিষেধাজ্ঞা বেআইনি ঘোষণা করলে, এপ্রিল মাসে তিনি পঞ্চম বারের মত এভারেস্ট অভিযান শুরু করেন।
IMG1
অভিযান শুরুর আগে তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছিলেন, ‘এভারেস্টের চূড়ায় ওঠা আমার স্বপ্ন। আমাকে এই স্বপ্ন পূরণ করতেই হবে। ব্যক্তিগতভাবে এটা আমার জন্য এটা চ্যালেঞ্জ, আমার দুর্ভাগ্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ।’ এক বছর বাদে আবার তিনি আসেন এবং এভারেস্ট জয় করেন। ওয়াশিংটন পোস্ট।
 
ইত্তেফাক/সেতু