তিনটি কেন্দ্রে অনিয়ম-জালভোট ছাড়া বাকি ২৮৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চমৎকার সুন্দর নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
আজ মঙ্গলবার খুলনা সিটি করপোরেশনের ভোট শেষে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রতিক্রিয়া তিনি এ কথা বলেন।
ইসি সচিব বলেন, ২৮৯টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্র স্থগিত হয়েছে। বাকি কেন্দ্রগুলোয় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমরা ভোট পরিস্থিতি নানাভাবে পর্যবেক্ষণ করেছি। চমৎকার ও সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে খুলনায় নির্বাচন হয়েছে। ভোট শেষ হওয়ার আধ ঘণ্টার মধ্যে ইভিএমের দুই কেন্দ্রে ফলাফল ঘোষণা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। ইসির এ সচিব বলেন, বেশ কয়েকটি কেন্দ্রে জালভোট, ভাঙচুর ও নানা অভিযোগ থাকলেও স্থগিত তিন কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে তা হয়নি।
বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, একটি দলের অভিযোগ থাকতেই পারে। বিএনপির অভিযোগ পেয়ে ইসি কর্মকর্তাদের মাধ্যমে মাঠ পর্যয়ে খতিয়ে দেখা হয়েছে। তারা বলেছেন, ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে। যেখানে সমস্যা হয়েছিল, সেখানে ম্যাজিস্ট্রেট ও আমাদের কর্মকর্তারা গিয়ে সুরাহা করেছেন।
জাতীয় নির্বাচনের আগে খুলনার এমন ভোট জনমনে আস্থা কিংবা শঙ্কা বাড়বে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, এ মুহুর্তে এ নিয়ে মন্তব্য করবো না। সবার নজর খুলনার দিকে। এটা একটা স্থানীয় নির্বাচন। তাতে যতটুকু হয়েছে তাতে নির্বাচন কমিশন সন্তুষ্ট।
ইত্তেফাক/কেকে