শরণখোলায় ৬ দিন যাবৎ শিশু পুত্রসহ গৃহবধূ নিখোঁজ

শরণখোলায় ৬ দিন যাবৎ দেড় বছরের শিশু পুত্রসহ এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সাদিয়া বেগম (২১) উপজেলার উত্তর খোন্তাকাটা গ্রামের আবু হানিফ পেয়াদার স্ত্রী। গত ১৩ এপ্রিল স্বামীর বাড়ি থেকে শিশু পুত্র আবু সালে সহ ওই গৃহবধূ নিখোঁজ হন।

গৃহকর্তা আবু হানিফ জানান, গত ১৩ এপ্রিল সকালে তিনি বাড়ি থেকে কর্মস্থল আকন্দপাড়া দাখিল মাদ্রাসায় যান। দুপুরে বাড়ি ফিরে দেখেন স্ত্রী-পুত্র বাড়িতে নেই। বসতঘর তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এরপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নেওয়া হয়। নিখোঁজের ৬ দিন পার হলেও শিশুপুত্র সহ সাদিয়া বেগমের কোন সন্ধান পাওয়া যায়নি।  নিখোঁজ সাদিয়া মোরেলগঞ্জের পূর্ব চিপাবারইখালী গ্রামের বাদল মীরের কন্যা।

আরও পড়ুনঃ বগুড়ায় বিএনপি নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

শরণখোলা থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, গৃহবধূ নিখোঁজের খবর পেয়ে পুলিশ ওই বাড়ি পরিদর্শন করেছে। ভূক্তভোগী পরিবার কারো বিরুদ্ধে কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু