আইওটি দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ২য় ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ দেয়া হয়েছে। "আইওটি আর্মি অফ ৩০০" শিরোনামে ডাটাসফট পরিচালিত আইওটি (ইন্টারনেট অফ থিংস) ২য় ব্যাচের প্রশিক্ষণ বুধবার রাজধানী ঢাকায় শেষ হয়েছে।
 
হাইটেক পার্ক এবং আইসিটি বিভাগের আর্থিক সহায়তায় ডাটাসফ্ট ৩০০ ইঞ্জিনিয়ারকে চার মাসের একটি আইওটি (ইন্টারনেট অফ থিংস) বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে। এর সাথে আইওটি ল্যাব পরিচালনার জন্য সহযোগিতায় রয়েছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, এল আই সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। নতুন ব্যাচে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৯০জন প্রশিক্ষণার্থী যা আগের ব্যাচের তিনগুণ। এই তরুণ, তরুণীরা কৃষি, উৎপাদন, হোম অটোমেশন এবং শিল্পক্ষেত্রে বাংলাদেশে স্মার্ট আইওটি ভিত্তিক বিভিন্ন ধরনের সলিউশন প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
ডাটাসফ্ট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান উপস্থিত অতিথিদের অভ্যর্থনা জানান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন, সাধারণ মানুষের জীবযাত্রার মানোয়ন্নে এই আইওটি এক্সপার্টদের কাজ দেশে ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। তিনি আরো উল্লেখ করেন, জাপান মার্কেটে বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের কদর বাড়ছে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যত উদ্যেক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন।
 
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, “আজকে আমাদের খুবই আনন্দের দিন, আজ আমরা ৯০জন আইওটি বিশেষজ্ঞ পেলাম, বাংলাদেশ পেল, সারাবিশ্ব পেল। আমি অভিবাদন জানাই তাদের যারা একটা নতুন বিষয় জানার আগ্রহ নিয়ে প্রশিক্ষণ শুরু করেছিলেন প্রায় ৬ মাস আগে আজ তার চূড়ান্ত স্বীকৃতি পেল। তিনি আরো বলেন, আমার দৃঢ় বিশ্বাস ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও ইন্ডাস্ট্রি ভার্সন ৪.০ (Industry 4.0) এর পথে আমাদের যাত্রায় অগ্রণী ভ‚মিকা পালন করবে।”
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার তাকসিম এ খান, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা, পাওয়ার সেল-এর মহাপরিচালক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, অতিরিক্ত সচিব ও এলআইসিটি প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট জনাব সরকার আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের ডিরেক্টর প্রফেসর আকরাম হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস ডিপার্টমেন্ট-এর চেয়ারম্যান অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ।
 
ইত্তেফাক/আরকেজি