টুনি আর রুনি


টুনি আর রুনি হলো ছোট দুটি মেয়ে

কিছুতেই কম নয় কেউ কারো চেয়ে।

 

এক ক্লাসে পড়ে ওরা, পাশাপাশি বাসা
সারাদিন দুই জন করে যাওয়া আসা।
একসাথে বই পড়ে টিভি দেখে খায়
রাত্তির বেলা শুধু আলাদা ঘুমায়।
টুনি রুনি একসাথে ইশকুলে যায়
নাচ শেখে, ছবি আঁকে, গানটাও গায়।
রুনি টুনি দুই জন প্রিয় বান্ধবী
একজন গাল্পিক একজন কবি।
এক্সামে প্রতিবার ভালো ফল করে
সব্বাই রাখে তাই স্নেহ ও আদরে।

টুনি রুনি মেয়ে দুটি খুব খুব ভালো
বড় হয়ে দশদিকে ছড়াবে যে আলো।