অদৃশ্য দৃশ্যপট

 

এই অব্দি এসেছি। যাবো আরো খানিকটা।

স্ফুর্তির ঝরনা কোলে নেয়া ওই যে ভয়ঙ্কর সুন্দর

খেলা করে খেলা করে অন্তর্গত মগ্নতায়—

যার না দেখা স্বপ্নের কাচ টুকরো অবয়ব

বোধের অতীত—

একটু ছুঁয়ে যেতেও পারি তার জারুল উঠোন।

 

ধ্যানী হূদয়ের ওম শয্যায়

গা-সওয়া যে প্রেমজ মিথ্যেরা শুয়ে থাকে

ঘুম পোশাকের খোলসে ঢেকে

তখন তো একটু দেখে নেয়াই যায় চোরাবালি মন

শিরিনের ব্যাক্তিগত গৃহস্থালির প্রত্ন প্রচ্ছদ

অনভ্যস্ত রোমন্থনের যাপন যজ্ঞ যত।

 

এই অব্দি এসেছি। আরো কি খানিকটা যাবো?

বিড়াল স্বভাবের সমিল ঘনত্বে দাঁড়িয়ে

একটু বুঝে নেয়া যায় কি শরীরী অশরীরীর

অবিমিশ্র রসায়ন? ক্ষতি কি, যদি দেখে নিতে পারি

অদৃশ্যের কাঁধে হাত রেখে

অসম্ভব হেঁটে যাওয়ার না দেখা সেই দৃশ্যপট?