পর্দা নামল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলনের

‘বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের আদলে গঠিত এ সম্মেলনের নাম দেওয়া হয় কুমিল্লা ছায়া জাতিসংঘ সম্মেলন-২০১৮। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) লালমাই অডিটোরিয়ামে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ২৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

‘কুমিল্লা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন’র সভাপতি মো. উমর ফারুকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন’র সভাপতি সায়েদ ফজলুল মাহাদী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনাইটেড নেশনের নেতৃবৃন্দ, সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ২৫ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে তিন দিন ব্যাপী সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণকারী সদস্যদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। সাতটি কমিটির মোট ২৭ জনকে এ সম্মাননা প্রদান করা হয়। এই ছায়া জাতিসংঘ সম্মেলনে ৭টি কমিটিতে ৭টি বিষয়ের আলোচনা হয়। ৭টি কমিটি হচ্ছে- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ,জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ মহিলা পরিষদ (ইউএনউইমেন), জাতিসংঘ সামাজিক-অর্থনৈতিক ও মানবাধিকার পরিষদ (সকহাম), জাতিসংঘ মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি), জাতিসংঘ শরণার্থী বিষয়ক পরিষদ (ইউএনএইচসিআর), ইন্টারন্যাশনাল প্রেস। 

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এ আয়োজন মডেল ইউনাইটেড নেশনের শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে, যা আন্তর্জাতিক বিষয়াবলী ও শিক্ষার টেকসই উন্নয়নে শিক্ষার্থীদের মাঝে মনন ও মেধার এক অসামান্য সংযোগ স্থাপন করবে।’

ইত্তেফাক/জেডএইচ